সুবর্ণা হামিদ : জয়নবা আক্তার ‘ইউএনও সাবের লগে’ কথা বলতে চাইছিলেন। মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ধন্যবাদ জানাতে চাইছিলেন প্রশাসনকে। তাই উঁকিঝুঁকি দিচ্ছিলেন; কিন্তু সুযোগ পাচ্ছিলেননা। আলাপ করতে গিয়ে তার ইচ্ছের কথা জেনে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানকে জানাতেই তিনি চলে এলেন। তাকে সামনে পেয়ে মনের ভিতরে পুষে রাখা ইচ্ছেগুলো প্রকাশ করলেন অটোরিকশা চালক শাহীন আহমদের সহধর্মিণী ‘বন্যা’র মা। আঞ্চলিক ও শুদ্ধ বাংলার মিশেলে কথা বলার সময় এই গ্রাম্য গৃহবধূর চোখে-মুখে কৃজ্ঞতার পাশাপাশি প্রশান্তির ছাপও ফুটে উঠেছিল।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারগুলোর একটি শাহীন আহমদের। স্ত্রী-সন্তান নিয়ে আছেন শতাব্দির ভয়াবহ বন্যার আগে থেকে। লাল টিনের চাল। দুই কক্ষের সেমিপাকা ঘর। বারান্দা ও রান্নাঘর বেশ বড়। আছে স্বাস্থ্যসম্মত শৌচাগার। নিরাপদ পানি। আছে বিদ্যুৎ সংযোগ। আত্মকর্মসংস্থানের ব্যবস্থাও থাকছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, এখানে প্রধানমন্ত্রীর উপহারের ঘর সংখ্যা একশ। এ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ২৩টি পরিবারকে। অন্য ঘরগুলোও প্রস্তুত। খুব শিগগির হস্তান্তর করা হবে। আশা করা হচ্ছে, সরকার প্রধান নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানেই রাজধানী থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে তালিকাভুক্ত গৃহহীন-ভূমিহীন পরিবারগুলোকে মালিকানা বুঝিয়ে দেবেন।
ইউএনও তাহমিলুর রহমান ও জয়নবা আক্তারের কথোপকথনে উঠে এলো ‘বন্যা’র জন্মকথা। এবারের ভয়ংকর বন্যার সময় নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পের সকল পরিবার আশ্রয় নেয় পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে। সেখানেই ভূমিষ্ঠ হয় শাহীন-জয়নবা দম্পতির চতুর্থ সন্তান। খবর পেয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মর্তা। নবজাতককে দেখতে যান জেলা প্রশাসক মো মজিবর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে নতুন অতিথির নাম রাখেন ‘বন্যা’। পরে পুরো নাম রাখা হয় রাবেয়া জান্নাত বন্যা। বয়স এখন প্রায় ৮ মাস। মা জানালেন, কন্যা ভালই আছে।
সিলেটের একদল সাংবাদিক সোমবার গিয়েছিলেন নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প দেখতে। সেখানে কথা হয়-দেখা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ ও বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে। উপকারভোগী পরিবারগুলোর কয়েকজনের সঙ্গেও কথাবার্তা হয়। সবাই দারুণ খুশি বঙ্গবন্ধুকন্যার উপহার নিয়ে। ভূমিহীন-গৃহহীন পরিচিতি ঘুচে যাওয়ায় কারও কারও চোখ থেকে ফোটা ফোটা আনন্দাশ্রুও ঝরে পড়লো।