বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার ও আইনের শাসন নেই। লুটপাট করে দেশকে সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। দেশে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। চারদিকে শুধু নেই আর সেই। তাই এ সরকারের ক্ষমতায় থাকারও কোন অধিকার নেই।
তিনি আরও বলেছেন, এই সংকট থেকে দেশকে বাঁচতে হলে ১০ দফা দাবি বাস্তবায়ন করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকতে হবে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর দরগা গেইটে কেমুসাস মিলনায়তনে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম।
তাহসিনা রুশদির লুনা বলেন, যারাই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে তাদের উপর মামলা, হামলা করা হয়। সরকারের সকল অপকর্মের জবাব দিতে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাদের বিদায় করতে হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই।
ডা সাখাওয়াত হাসান জীবন বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না।
আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বিধায় জোর করে ক্ষমতা আকড়ে আছে। সাধারণ মানুষ রাস্তায় নামলে তারা পালাবার রাস্তাও খুঁজে পাবেনা।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। যত দিন যাচ্ছে ওএমএসের ট্রাকের সামনে লাইন তত দীর্ঘ হচ্ছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় সাংগঠনিক সভায় আরও বক্তব্য রাখেন অন্যতম নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কামরুল হাসান শাহীন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি