নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মহানগরীর সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছেন।
তিনি আরও বলেছেন, মেয়র পদে প্রার্থী নির্ধারণ করবে দল। দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি যাবেননা। তাকে মনোনয়ন দিলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন। না দিলে কাজ করবেন দলীয় প্রার্থীর পক্ষে, যেভাবে অতীতে করেছেন। সিলেট মহানগরীর সঙ্গে তার বেড়ে উঠার ও রাজনীতিতে এ পর্যন্ত আসার গভীর সম্পর্ক রয়েছে। এখানেই ছাত্র রাজনীতি করেছেন।
মঙ্গলবার, ৪ এপ্রিল রাতে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেল মিলনায়তনে সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সাজলু লস্করের যৌথ পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সদস্য মুকিত রহমানী, ফখরুল ইসলাম, সাদিকুর রহমান সাকি, সৈয়দ রাসেল, মো রেজাউল হক ডালিম, রজত চক্রবর্তী, এ এইচ আরিফ, শাহজাহান সেলিম বুলবুল, শাকিল জামান ও আজহার উদ্দিন শিমুল।
আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য আলাদা আলাদাভাবে তুলে ধরেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেভাবে সিসিককে অর্থ বরাদ্দ দিয়েছে সেভাবে উন্নয়ন কাজ হয়নি। যা হয়েছে তা মূলত লোক দেখানো। তাই নগরবাসী কোনো সুফল পাচ্ছেননা।
প্রচুর অর্থ বরাদ্দের ক্ষেত্রে তিনি প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশেষ উদ্যোগ ও আগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
বদর উদ্দিন আহমদ কামরান মেয়র থাকতে বিএনপি সরকার বিধি মোতাবেক প্রাপ্য বরাদ্দটুকু পর্যন্ত দেয়নি বলে তিনি দাবি করেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প ঘোষণা করেছেন। আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে এবং নগরবাসীর সমর্থনে তিনি মেয়র নির্বাচিত হলে রূপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট আধ্যাত্মিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবেন সিলেটকে। তবে প্রতিটি কাজ হবে নগর পরিকল্পনাবিদদের প্রণীত পরিকল্পনা-মহাপরিকল্পনার মাধ্যমে, যাতে নাগরিকরা নিশ্চিতভাবে সুফল ভোগ করতে পারেন। একক সিদ্ধান্তে বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দে কোনো কিছু হবেনা। প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
নির্বাচনী প্রচারণায় মহানগরীর সৌন্দর্যহানি সমীচিন নয় উল্লেখ করে তিনি জানান, তার পক্ষে আগামীতে আর কোন ব্যানার-ফেস্টুন লাগানো হবেনা, যাতে মহানগরীর সৌন্দর্যহানি হয়। তবে এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী নিশ্চিত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-২ আসনে প্রার্থী হবেননা। সেখানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী নির্বাচনী মাঠে কাজ করছেন।