আর নরম নয়-রাজপথে গরম কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানোর আহবান আরিফের

প্রকাশিত October 15, 2023
আর নরম নয়-রাজপথে গরম কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানোর আহবান আরিফের

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন; কিন্তু সরকার নানা অজুহাতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। তাই এভাবে আন্দোলন করে নেত্রীকে মুক্ত করা যাবেনা। সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই-দাবি আদায় করে নিতে হবে। আর নরম কর্মসূচি দেয়ার সময় নেই। এখন রাজপথে গরম কর্মসূচি দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। না হলে দেশের মানুষ এই স্বৈরশাসকের হাত থেকে রেহাই পাবেনা। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার স্বার্থে বিদেশে পাঠাতে হবে।
শনিবার, ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মহানগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ প্রেরণের দাবিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অনশন কর্মসূচি পালিত হয়।
বিএনপির সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সভাপতি নাসিম হোসাইন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, চিকিৎসার অধিকার এমনকি কথা বলার স্বাধীনতা নেই।
তিনি বলেন, ‘যে দেশে আদালতই বলে দেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে, যে দেশের সরকার পার্শ্ববর্তী দেশে ক্ষমতায় থাকার জন্য ধর্ণা দেয়, যে দেশে তিনবার জনতার ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেননা, দিনের ভোট রাতে হয়, তেমন একটি দেশে আমরা বাস করছি।’
কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। দেশে গণতন্ত্র, ভোটারধিকার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য একদফা আন্দোলন করছে। এই দাবি শুধু বিএনপির নয়-সকল দেশবাসীর। স্বৈরাচারের সময় ফুরিয়ে এসেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। জনতার বিজয় সন্নিকটে।
স্বাগত বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, মাঠে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন নিশ্চিত করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা ও ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবেনা।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলার জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল গাফফার, জেলা সহসভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগরের সাবেক যুগ্মআহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী ও নজিবুর রহমান নজিব। এছাড়াও অনশন কর্মসূচিতে দলের জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। সংবাদ বিজ্ঞপ্তি