নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্গত ৪টি ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ আরো ৫ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৭২৩ টাকা পরিশোধ করেছে।
সিসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বকেয়া বিদ্যুৎ বিলের চেক মেয়র আরিফুল হক চৌধরী হস্তান্তর করেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরের উপস্থিতিতে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের কাছে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো রুহুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস সহ সিসিক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ।