আরিফের আগ্রহ সংসদে নয়-সিসিকে || প্রার্থী হতে পারেন নাগরিক উদ্যোগের

প্রকাশিত February 26, 2023
আরিফের আগ্রহ সংসদে নয়-সিসিকে || প্রার্থী হতে পারেন নাগরিক উদ্যোগের

নিজস্ব প্রতিবেদক : আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনেই লড়বেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পরপর দুইবার নির্বাচিত মেয়র মোটেই আগ্রহী নন।
অনেকদিন ধরেই আলোচনার বিষয় ছিল, আরিফুল হক চৌধুরী সিসিক না সংসদ-কোনটায় আগ্রহী। কারও কারও ধারণা জন্মেছিল, তিনি এবার নগর ভবন থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সংসদ ভবনের দিকে চোখ মেলে তাকাবেন। আবার কেউ কেউ নিশ্চিত ছিলেন, তার চেয়ার বদল হওয়ার কোন সম্ভাবনা নেই।
অবশ্য আরিফুল হক চৌধুরী এবার নির্বাচনে আসছেন না বলেও নাগরিকদের একাংশ মনে করেছিলেন; কিন্তু তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড স্পষ্ট করে দেয়, তিনি আসছেন। তাই তাকে ঘিরে নির্বাচনী প্রস্তুতি ভিতরে ভিতরে শুরু হয়ে গেছে।
একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত নেয়-আরিফুল হক চৌধুরী সেজন্যে অপেক্ষা করছেন। দলীয় সিদ্ধান্তের বাইয়ে যেতে চাননা তিনি। তবে দল নির্বাচনে না এলে হয়তো আগের মতোই উপরের নির্দেশনা অনুসারে কোন না কোন নাগরিক উদ্যোগে তাকে প্রার্থী করা হবে। এতে দলীয় ভোটব্যাংকের বাইরে সাধারণ ভোটারদের ভোট পাওয়ারও সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় আরিফুল হক চৌধুরীকে মূল প্রতিদ্বন্ধী ধরেই আওয়ামী লীগকে সিসিক মেয়র পদে লড়াইয়ের ছক তৈরি করতে হবে।