প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।
৯ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হন। সেখানে পৌঁছে তিনি ১০ ও ১১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ‘আবুধাবি ডায়ালগ’ শীর্ষক সংলাপে অংশ নেন।
এই সংলাপে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক প্রেরণে দুই দেশ ঐকমত্যে পৌঁছে। এছাড়া বৈধ উপায়ে রেমিট্যান্স ও নিরাপদ অভিবাসন বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও সংলাপে সদস্যভুক্ত ১৬ দেশের প্রতিনিধিরা বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সংলাপের ব্যাপারে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, শ্রমিক প্রেরণকারী দেশ ও শ্রমিক গ্রহণকারী দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর ভিত্তিতে আগামী দুই মাস পর ডিক্লেয়ারেশন বের হবে। তাতে শ্রমিক প্রেরণকারী দেশগুলো কিভাবে কাজ করবে, তাদের দক্ষ শ্রমিক প্রস্তুত ও প্রশিক্ষণের ব্যবস্থা কি হবে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্রমিক সরবরাহের বিষয় ঠিক করা হবে।
সংলাপ শেষে ১১ ফেব্রুয়ারি দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রী আহমাদ বিন সুলাইমান আল রাজি ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রী ড আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে বাংলাদেশের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এদিকে সোমবার, ১২ ফেব্রুয়ারি (২৯ মাঘ) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’। এতে অংশ নিয়েছেন প্রতিমন্ত্রী। এ বৈঠকে জনশক্তি প্রেরণকারী ১১টি ও গ্রহণকারী ৭টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত ও কনস্যুলার পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন।
বৈঠকে দক্ষ শ্রমিক প্রেরণ, বৈধ রেমিট্যান্স ও ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শ্রমিকদের যুগোপযোগী প্রশিক্ষণ-এসব বিষয় উঠে আসে।
সংযুক্ত আরব আমিরাত সফরে সেখানকার সিআইপি, সুধীসমাজ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মুক্ত আলোচনা করেন প্রতিমন্ত্রী। সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটির নানা সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন।
এসময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী স্কিম-এ সম্পৃক্ত হতে প্রবাসীদের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।
এছাড়াও তিনি বৈধ উপায়ে আরও বেশি রেমিট্যান্স প্রেরণ ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান। তথ্য বিবরণী