সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা বলেছেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবার সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।
রবিবার, ১০ ডিসেম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মানবাধিকার : বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিকৃবি উপাচার্য আরও বলেন, একশ্রেণির মানুষ মানবাধিকারের নামে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার আশ্রয় নিয়েছে। অথচ যারা গণতন্ত্র নিয়ে, এ দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করে তাদেরকেই মানবাধিকার বিরোধী বলে আখ্যায়িত করছে ।
তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই এত স্বাধীনতা নেই। বাংলাদেশে মানুষ ইচ্ছামতো কথা বলতে এবং নিউজ, মিটিং, মিছিল, সমাবেশ করতে পারে।
উপাচার্য বলেন, ‘আমেরিকা সাদ্দাম, গাদ্দাফি ও পানামার জেনারেল নৌরিয়াকে অপহরণ ও হত্যা এমনকি আফগানিস্তানের মতো দেশে নির্বিচারে গুলি করে মানুষ মারলেও মানবাধিকার লঙ্ঘিত হয়না। অথচ তারাই আমাদের দেশের মানবাধিকার নিয়ে কথা বলে।’
গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড মো শহীদুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক ড মো আবু জাফর বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আতিকুজ্জামান, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড মাসুদ আলম, প্রক্টর অধ্যাপক ড মো মনিরুল ইসলাম ও রেজিস্ট্রার বদরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও সিকৃবি ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে সিকৃবি প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ডা জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। -সংবাদ বিজ্ঞপ্তি