আল-আজাদ : আবার ফিরে এসেছে বাংলা ও বাঙালির ইতিহাসের সবচেয়ে কলংকের মাস আগস্ট। আগস্ট শোকের মাস। নতুন করে শক্তি-সাহস অর্জনের মাসও। এ শক্তিই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে পনেরো আগস্টের কালরাতে সপরিবারে স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মতো পৈশাচিকতার প্রতিশোধ নিতে যাচ্ছে।
এই হত্যাকাণ্ড হুট করে ঘটানো কিংবা নিছক একটি হত্যাযজ্ঞ ছিলনা। এটা ছিল বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত। এর সঙ্গে যুক্ত ছিল দেশী-বিদেশী চক্র। উদ্দেশ্য ছিল, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া, যাতে বাঙালি জাতি রক্তেকেনা স্বাধীনতার সুফল ঘরে তুলতে ব্যর্থ হয়।
এই চক্রান্ত আরম্ভ হয় একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালেই। প্রবাসী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে থাকা কুচক্রী খন্দকার মোশতাক আহমদ তখনই পাকিস্তানের সঙ্গে আপস করে নেওয়ার চক্রান্ত করে। এই চক্রান্ত টের পাওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রীর পদে আসীন রেখে তার দায়-দায়িত্ব কেড়ে নেওয়া হয়। কার্যত তখন থেকেই আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন দায়িত্ব পালন করতে থাকেন।
খন্দকার মোশতাক আহমদ কিন্তু বসে ছিলনা। চক্রান্তের জাল ক্রমে বিস্তৃত করতে থাকে। চক্রান্তের প্রথম লক্ষ্য ছিল, বাংলাদেশের স্বাধীনতাকে ঠেকিয়ে দেওয়া; কিন্তু তা সম্ভব না হওয়ায় মোশতাক চক্র স্বাধীনতা উত্তর বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই লক্ষ্যে চক্রান্তের জাল বিস্তার করতে থাকে। এর পরিণতিতেই খন্দকার মোশতাক আহমদ এবং পথভ্রষ্ট কিছু সেনা সদস্য বাংলাদেশে দ্বিতীয় কারবালার সৃষ্টি করে।
ঘাতকচক্র ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশ থমকে দাঁড়াবে। হোঁচট খাবে বাঙালি জাতি; কিন্তু তারা একবারও ভাবতে পারেনি, বাংলাদেশের মাটি শেখ মুজিবের রক্ত চুষে নিতে পারেনা। বরং এই রক্ত লাখো মুজিবের জন্ম দেবে-দিয়েছে। আর দিয়েছে বলেই এই লাখো মুজিব বাংলাদেশকে নিয়ে এগিয়ে চলেছে।
এই এগিয়ে চলা সেই স্বপ্ন পূরণের পথে, যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখিয়েছিলেন জাতিকে। আর এই স্বপ্ন চোখে নিয়েই বাঙালিরা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিল। মুক্তিযুদ্ধ করেছিল। লাল-সবুজের পতাকা উড়িয়েছিল।
আগস্টের শোক নতুন শক্তিতে জেগে উঠার অন্তঃহীন উৎস। তাই প্রতিবছর আগস্ট এলে বাঙালি জাতি নতুন করে পথ সন্ধান করে। এই পথ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার। এই স্বপ্নের সোনারবাংলা হচ্ছে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, অশিক্ষা ও অবিচারমুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশই বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতি শুধু স্বাধীনতার স্বপ্ন পূরণ করবেনা-সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যারও প্রতিশোধ নেবে।