নিজস্ব প্রতিবেদক : আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সিলেটে প্রগতিশীল ছাত্র জোট সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতারা।
বক্তারা দ্রুততম সময়ে আরবার ফাহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সকল খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ, ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস নৈরাজ্য করে, শুধুমাত্র তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য রাখেন।
সুনামগঞ্জ প্রতিনিধি : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী সড়কের সামনে পুলিশ বাঁধা দেয়। ফলে সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল ও যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
তাহিরপুর প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের তাহিরপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাসরুম, অন্যতম নেতা একরাম হোসেন, আরিফ তালুকদার ও তানিম আহমেদ লিংকন।
হবিগঞ্জ প্রতিনিধি : বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে সিনেমহল এলাকায় পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদেলর সহ সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, জিবলু আহমেদ ও মহিদুল ইসলাম সুজন।