শাহ বেলাল, যুক্তরাজ্য : প্রখ্যাত লেখক-কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তারা বলেছেন, আবদুল গাফফার চৌধুরী বাংলা ভাষাকে জীবনের শেষদিন পর্যন্ত আগলে রেখেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ এই কীর্তিমান আজীবন জাতির পিতার আদর্শ লালন করেছেন।
শুক্রবার, ১৯ মে পূর্ব লন্ডনে লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনে মুক্তিযুদ্ধের শীর্ষ সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহসভাপতি, সত্যবাণীর বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমীন। সাধারণ সম্পাদক মুনিরা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আব্দুল গাফফার চৌধুরী তনয়া তনিমা চৌধুরী ও মুক্তিযোদ্ধা লোকমান হোসেইন। আবদুল গাফফার চৌধুরীর জীবনের শেষ লেখা সংগীত পরিবেশন করেন একাত্তরের কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী। কবিতা আবৃত্তি করেন মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাজহার।
স্মরণসভার শুরুতেই আব্দুল গাফফার চৌধুরী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সঞ্চালক মুনিরা পারভিন বরাক উপত্যকার ভাষা শহীদদের কথা তুলে ধরে বলেন, ১৯ মে আসামের বরাক উপত্যকার ভাষা শহীদ দিবস। ১৯৬১ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার আদায়ের সংগ্রামে পুলিশের গুলিতে শিলচরে ১১ জন প্রাণ দিয়েছিলেন। সর্বপ্রথম প্রাণ দেন কমলা ভট্টাচার্য, যিনি পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ হিসেবে ইতিহাসের অংশ। এই ভাষা শহীদদের মধ্যে ১০ জনেরই জন্মস্থান বাংলাদেশের সিলেট অঞ্চলে।
তিনি বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আর ১৯৬১ সালের ১৯ মে আমাদের কাছে চির অম্লান। আমরা বাঙালিরা পৃথিবীর বুকে মায়ের ভাষা রক্ষায় জীবন উৎসর্গ করা জাতি। এই জাতির গর্বিত সন্তানদের অন্যতম আবদুল গাফফার চৌধুরী, যিনি বায়ন্নর ভাষা শহীদদের স্মরণে কালজয়ী কবিতা লিখে ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখলে নিয়ে আজীবন বিশ্বব্যাপী ছিলেন সমাদৃত। আরেক ভাষা দিবসে তার বর্ণাঢ্য জীবনের অবসান হলো।’
প্রধান অতিথি সুলতান মাহমুদ শরীফ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা বাংলা ভাষা ধ্বংস করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষদের মধ্যে শীর্ষে ছিলেন আবদুল গাফফার চৌধুরী। তিনি বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ রক্ষার জন্য কাজ করেছেন। লেখনির মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দেশের মানুষের আবেগ তৈরির কাজ করেছেন। নিজের কর্মগুণে তিনি আজীবন অমর হয়ে থাকবেন।
বিশেষ অতিথি তনিমা চৌধুরী স্মৃতিচারণ করে বলেন, ‘বাবাকে প্রথম কাঁদতে দেখি বঙ্গবন্ধু হত্যার পর। বাবা চিৎকার করে কেঁদেছেন। বাবার বিশ্বাসের জায়গাটা অটল ছিল। যা বিশ্বাস করতেন তাই লিখতেন। অন্যের বিশ্বাসে বা চিন্তায় প্রভাবিত হতেননা। একমাত্র বঙ্গবন্ধুই তাকে প্রভাবিত করতে পেরেছিলেন।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিলেতে মুক্তিযুদ্ধের আরেক সংগঠক, ষাটের দশকের ছাত্রনেতা ও জে সি ডাব্লিউ আইর সাবেক চীফ এক্সিকিউটিভ হাবিব রহমান, মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু মুসা হাসান, বিবিসি বাংলার সাবেক সাংবাদিক উদয় শংকর দাস, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, লেখক-সাংবাদিক হামিদ মোহাম্মদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী হুসনা মতিন, সাংবাদিক আ স ম মাসুম, অবসরপ্রাপ্ত শিক্ষক রাজিয়া বেগম, আমরা একাত্তরের যুক্তরাজ্য সংগঠক সত্যব্রত দাস স্বপন, চলচ্চিত্রকার মোস্তফা কামাল, লেখক ময়নুর রহমান বাবুল, মো আব্দুল আজিজ, কিটন সিকদার, জামাল আহমেদ খান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহ বেলাল, শম্পা দেওয়ান নজরুল ইসলাম অকিব, মুজিবুল হক মনি, সৈয়দ হিলাল সাইফ, শম্পা দেওয়ান, আব্দুল বাসির, নাজমা হুসেন ও সাংবাদিক রুমানা রাখি।
স্মরণসভায় আবদুল গাফফার চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল ও ঢাকায় একটি সড়কের নামকরণ এবং তার নামে স্মৃতি পরিষদ গঠনের দাবি জানানো হয়।
অমর একুশের গানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।