আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন সিলেটের আরাফ

প্রকাশিত October 3, 2026
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন সিলেটের আরাফ

শিশু অধিকার রক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কার-২০২৬’-এর জন্য সিলেটের শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ মনোনীত হয়েছেন।
নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটসের প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম রয়েছে।
শিশুশ্রম, বাল্যবিয়ে ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন জামিউল হাসান আরাফ। শিশুদের বিভিন্ন সংকট ও অধিকার বঞ্চনার বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকতাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে তার। এসব প্রতিবেদনে শিশু, শিক্ষা, জলবায়ু, সমাজ ও স্থানীয় বিভিন্ন বিষয় উঠে এসেছে।
শিশুশ্রম, বাল্যবিয়ে ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের নিয়ে প্রতিবেদন তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমেও তিনি যুক্ত। শিশু সুরক্ষা, বাল্যবিয়ে ও শিশুশ্রমের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরিতেও কাজ করছেন।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার শিশু অধিকার ও শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা তরুণদের মধ্য থেকে প্রতিবছর এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়।
সিলেটের শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফের ২০২৬ সালের এই মনোনয়ন তার সাংবাদিকতা ও শিশু অধিকার নিয়ে কাজকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। সংবাদ বিজ্ঞপ্তি