আন্তর্জাতিক নারী দিবস পালিত || নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল

প্রকাশিত March 8, 2024
আন্তর্জাতিক নারী দিবস পালিত || নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল

সিলেটে ’নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা কর্মসূচিতে শুক্রবার, ৮ মার্চ (২৪ ফাল্গুন) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সরকারি-বেসরকারি সংস্থা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নারী সমাবেশ, শোভাযাত্রা, নারী উদ্যোক্তাদের মধ্যে প্রশিক্ষণ ভাতা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো সেলিম ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন এখন সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সম অধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। নারী- পুরুষের যৌথ প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণ হবে। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে-স্বীকৃতি বৃদ্ধি পাচ্ছে। পিআইডি সিলেট