আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিতে সিলেট বিভাগে আওয়ামী লীগের পৌর মেয়রদের আহবান

প্রকাশিত May 9, 2023
আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিতে সিলেট বিভাগে আওয়ামী লীগের পৌর মেয়রদের আহবান

সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়রদের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চেীধুরী মতবিনিময় করেছেন।
মঙ্গলবার, ৯ মে দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাধারণ মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে। এজন্য জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আগামী ২১ জুন সিসিক নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চেীধুরীর হাতে ‘নৌকা’ মার্কা তুলে দিয়েছেন। তাই ‘নৌকা’কে বিজয়ী করতে সবাইকে কাজ করতে করতে হবে।
তিনি পৌর মেয়রদেরকে ‌’নৌকা’র পক্ষে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
সভাপতির বক্তেব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, সিলেট মহানগরীতে বিভাগের প্রত্যেক এলাকার মানুষ বাস করেন। ‘নৌকা’ প্রতীককে বিজয়ী করতে তাদের সমর্থন প্রয়োজন। এজন্য পৌর মেয়রদের জোরালো ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট অনেক পিছিয়ে রয়েছে। এবার ‘নৌকা’র প্রার্থীকে বিজয়ী করতে না পারলে সিলেট আরও পিছিয়ে যাবে। তাই সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চেীধুরী বলেন, ‘আমাকে মেয়র নির্বাচিত করলে আপনাদের মুখ ছোট হয় এমন কোন কাজ কখনোই করবোনা। সবার পরামর্শ নিয়েই আমি সিটি কর্পোরেশনকে পরিচালনা করবো।’
এ সময় মেয়রবৃন্দ ‘নৌকা’ মার্কাকে বিজয়ী নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আশ্বাস দেন এবং সিলেট মহানগরীতে বসবাসরত তাদের পৌরসভার নাগরিকবৃন্দকে ‘নৌকা’ মার্কায় আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দেওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় পৌর মেয়রদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের ফজলুল রহমান, কুলাউড়ার অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বড়লেখার কামরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জের নাদের বখত, দিরাইর বিশ্বজিৎ রায়, বিশ্বনাথের মুহিবুর রহমান, গোলাপগঞ্জে আমিনুল ইসলাম রাবেল, কানাইঘাটের লুৎফুর রহমান, বিয়ানীবাজারের (প্যানেল মেয়র) সয়ফুল আলম ও হবিগঞ্জের আতাউর রহমান সেলিমসহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলারগণ।