নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী মতবিনিময় সভায় এক সঙ্গে যোগ দিলেন সিলেট আওয়ামী লীগের পাঁচ শীর্ষনেতা। নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানালেন মহানগরীর উন্নয়নে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। আরও বললেন, ঐক্যবদ্ধ থাকলে এ বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।
বুধবার, ১৭ মে রাতে মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘নৌকা’র বিজয় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘নৌকা’য় ভোট দিয়ে দেশবাসী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে বলেই সুখে-শান্তিতে আছে। সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মহানগরীর উন্নয়নে বিএনপি নেতা মেয়র আরিফুল হক চৌধুরীকে কোটি কোটি টাকা দিয়েছেন; কিন্তু সেই টাকা দিয়ে কি উন্নয়ন করেছেন তা সবাই ভাল করে জানেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, সবাই মিলে এবার শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করুন। কারণ ‘নৌকা’ উন্নয়নের প্রতীক। সবাই ভোট কেন্দ্রে যাবেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদটি এবার পুনরুদ্ধার করতেই হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে অল্প বৃষ্টিতেই নগরী তলিয়ে যায়। বিভিন্ন ওয়ার্ডে রাস্তার বেহাল দশা। নগরবাসীর দুর্ভোগের শেষ নেই। তাই নগরীর উন্নয়নে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে হবে।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট নগরী উপহার দিবেন, যাতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে না হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাহাবুলের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুরুজ আলীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান সুহেদ, শহিদুর রহমান চৌধুরী জাবেদ, আফজালুর রহমান চৌধুরী, ছলেমা বেগম, মফিজুর রহমান লিলু, মাসুক আহমদ, সিসিক কাউন্সিলার তারেক আহমদ তাজ, কাওসার আহমদ, মাহমুদা বেগম শিউলি, জাহাঙ্গীর আলম, হুসাইন মোহাম্মদ সাগর, সাহেদ আহমদ, শামীম খান, সুহেল আহমদ ও লোকমান আহমদ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি