আনোয়ারুজ্জামানের পক্ষে সংস্কৃতিকর্মীদের প্রচারণা ব্যাপক সাড়া জাগিয়েছে নগরবাসীর মধ্যে

প্রকাশিত June 17, 2023
আনোয়ারুজ্জামানের পক্ষে সংস্কৃতিকর্মীদের প্রচারণা ব্যাপক সাড়া জাগিয়েছে নগরবাসীর মধ্যে

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সংস্কৃতিকর্মীদের প্রচারণা নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সংস্কৃতিকর্মীরা ভোটারদের হাতে স্বাধিকার, স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার, উন্নয়ন ও চলমান অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতীক ’নৌকা’য় ভোট দেওয়ার যৌক্তিকতা তুলে ধরা প্রচরপত্র তুলে দেন।
এই ব্যতিক্রমী প্রচারপত্র পড়ে ভোটারসহ সববয়সের মানুষ উদ্দীপ্ত হন এবং ‘নৌকা’র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় কামনা করেন।
প্রচারণার তৃতীয়দিনে গৌতম চক্রবর্তীর নেতৃত্বে আবিদ ফায়সাল, সুকান্ত গুপ্ত, শহিদ আহমদ চৌধুরী, সুমন্ত গুপ্ত, নাসিমা আক্তার, শীতন বাউল ও কামাল আহমেদ দুর্জয় মহানগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় গণসংযোগ করেন।
হুমায়ুন কবির জুয়েলের নেতৃত্বে অপর দলটি গণসংযোগ করে ২৩, ২৪ ও ৩২ নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ, নোয়াপাড়া, বোরহানাবাদ, মণিপুরী পাড়া ও ফয়জাবাজার এলাকায়। এতে আরও অংশ নেন বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, কিশোর ভট্টাচার্য জনি, মোস্তাক আহমদ, ধ্রুবজ্যোতি দে, দুর্জয় পুরকায়স্থ, এনামুল হক সামী ও পবিত্র সরকার।
অন্যদিকে প্রচার কাজের সমন্বয়ক শামসুল আলম সেলিম এবং অপর দুটি দলের নেতা আল আজাদ ও রজত কান্তি গুপ্ত সহ ডা নাজরা চৌধুরী, সিরাজ উদ্দিন শিরুল, শেখ নূরুল ইসলাম প্রমুখ সম্প্রীতি বাংলাদেশের অনুষ্ঠানে অংশ নিয়ে ‘নৌকা’য় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করে দেশ ও জাতির অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান।