আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেট হবে স্মার্ট নগরী : প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক

প্রকাশিত February 3, 2024
আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেট হবে স্মার্ট নগরী : প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আধ্যাত্মিক নগরী সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে।
তিনি আরও জানিয়েছেন, এ ব্যাপারে সরকার সিসিক মেয়রকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এতে সিলেটবাসী অনেক বেশি সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে সিলেটের প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শনিবার, ৩ ফেব্রুয়ারি (২০ মাঘ) সন্ধ্যায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা মো হারুন-অর-রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা শিশির রঞ্জন চক্রবর্তী।
প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক আরও বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্য প্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন একজন মানুষ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রতিমন্ত্রী পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ বিজ্ঞপ্তি