প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আদর্শ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলে চলবে না-শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সঙ্গে দেশ ও দশের উন্নয়নে কাজ করতে হবে।
শনিবার, ১৭ ফেব্রুয়ারি (৪ ফাল্গুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ড্রেস, ব্যাগ ও ছাতা বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। আর শিক্ষার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি প্রবাসী-বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের ট্রাস্টি আজিজুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ টি এম শোয়েব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, ফ্রান্স প্রবাসী শাহীন আহমদ ও মোশাহিদ খান। সংবাদ বিজ্ঞপ্তি