পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ ছাত্রলীগই আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ। ছাত্রলীগ যেখানে আছে জনগণও সেখানে আছে।
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনও বিচারের আওতায় আসেনি তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে-গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।
নির্বাচনে মাঠপর্যায়ে প্রচারণা ও ভোটারদের নির্বাচনমুখী করতে পররাষ্ট্র মন্ত্রী ছাত্রলীগের সহযোগিতা চান।
মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন পিয়ার, জেলা মহিলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পদক হেলেন আহমদ, সাবেক ছাত্রনেতা ইলিয়াছুর রহমান ইলিয়াস, জাহিদ সারওয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।
সভায় মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ পররাষ্ট্র মন্ত্রীর হাতে নির্বাচন কেন্দ্রে সংগঠনের প্রতিনিধি তালিকা তুলে দেন।