আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দু’দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু

প্রকাশিত November 17, 2022
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দু’দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (র) প্রতিষ্ঠিত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুদিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু হয়েছে।
দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে বৃহস্পতিবার বাদ ফজর সংগঠনের আমির মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
এরপর থেকে ধারাবাহিকভাবে অধিবেশন চলছে। বয়ান করছেন বিশিষ্ট আলেমরা। এ খবর লেখা পর্যন্ত বয়ান করছিলেন ঢাকা তেজগাঁ মাদরাসার প্রিন্সিপাল ড মুশতাক আহমদ।
প্রথম চার অধিবেশনের নির্ধারিত সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতির সুনামগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আব্দুল কাদির ও প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসুল্লিরা ইজতেমায় যোগ দিতে আসছেন। এ সংখ্যা কয়েক লাখে পৌঁছবে বলে আয়োজকরা আশা করছেন।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আজিমুশ্বান ইজতেমা শুক্রবার সকাল ১০টায় শেষ হবে।