নিজস্ব প্রতিবেদক : আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত আজিমুশ্বান ইজতেমা নিয়ে রাত ১২টা পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।
তবে ইজতেমা মাঠে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে বয়ান চলছে।
আয়োজকদের একজন জানান, মধ্যরাত পর্যন্ত সিলেট মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তা, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিশিষ্ট ব্যক্তিগণ আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী ও অন্যান্য নেতার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন; কিন্তু কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এক পর্যায়ে বয়ান শুরু হয়ে যায়।
আগামী ১৭ ও ১৮ নভেম্বর দক্ষিণ সুরমার পারাইরচকে এই ইজতেমা অনুষ্ঠানের কথা। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি তাতে যোগ দিতে চলেও এসেছেন। এ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এসএমপির পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইজতেমার তারিখ ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের পর পুণঃনির্ধারণের প্রস্তাব দিলে আয়োজকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এর পর থেকে দফায় দফায় আলোচনা চললেও কোন সিদ্ধান্তে পৌঁছা যায়নি। তবে বুধবার নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।