আজ স্বাধীনতার মহানায়কের স্বাধীন স্বদেশে ফিরে আসার দিন

প্রকাশিত January 9, 2022
আজ স্বাধীনতার মহানায়কের স্বাধীন স্বদেশে ফিরে আসার দিন

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাহাত্তরের এদিনে স্বাধীনতার মহানায়ক স্বাধীন স্বদেশে ফিরে আসেন।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে গ্রেফতার করে। পরে তাকে পাকিস্তানের একটি কারাগারে আটকে রেখে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যার পরিকল্পনা করা হয়। অন্যদিকে তার নির্দেশনা অনুসারে মুক্তিযুদ্ধে চলতে থাকে।
পাকিস্তানি হানাদার সেনাদের পরাজয় ও বাংলাদেশের অভ্যুদয় অর্থাৎ মুক্তিযুদ্ধে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায় সৃষ্ট বিশ্ব জনমতের চাপে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।
বঙ্গবন্ধু মুক্ত হয়ে ৮ জানুয়ারি সরাসরি যুক্তরােজ্যে পৌঁছেন। সেখানে তাকে ব্রিটিশ সরকার লালগালিচা সংবর্ধনা দেয়। প্রবাসী বাঙালিরা প্রিয় নেতাকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন। জাতির পিতা লন্ডন থেকে দেশে সরকার ও পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফেরার পথে সকালে পৌঁছেন ভারতের রাজধানী দিল্লিতে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে স্বাগত জানান। পালাম আন্তর্জাতিক বিমানবন্দরে বাঙালির জাতির পিতা ভারতবাসীর অনুরোধে বাংলায় ভাষণ দেন।
ব্রিটিশ রাজকীয় বিশেষ বিমান ‘কমেট’ বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীন বাংলাদশের রাজধানী ঢাকায় পৌঁছে দুপুর ১টার দিকে। সেদিন যুদ্ধবিধ্বস্ত ঢাকায় স্বজন হারানোর ব্যথা ভুলে রাজপখে নামে জনতার বাঁধভাঙা ঢল। এই জনস্রোত ঠেলে কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছতে তার সময় লাগে প্রায় ৩ ঘণ্টা। সোহরাওয়ার্দী উদ্যান তখন জনসমুদ্র। সেই জনসমুদ্রে দেওয়া আবেগজড়িত ভাষণে জাতির পিতা জাতিকে ধ্বংসস্তুপের উপর তার স্বপ্নের সোনারাবাংলা গড়ে তোলার অগ্নিমন্ত্রে দীক্ষিত করেন।
প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে সিলেটসহ সারা দেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হবে।