নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দুই চৌধুরীর নাম চায়ের কাপে ঝড় তুলছে। একজন আরিফুল হক চৌধুরী-অপরজন আনোয়ারুজ্জামান চৌধুরী। দ্বিতীয় নামটি ইতোমধ্যে প্রার্থী তালিকায় উঠে গেছে আর প্রথম নামটি উঠি উঠি করছে, যদিও সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে গত সপ্তাহে ‘না’ সূচক ইঙ্গিত ভেসে আসে; কিন্তু নাগরিক সমাজে তা বিশ্বাসযোগ্যতা পায়নি। কারণ রাজনীতিবিদরাই এ সত্য প্রতিষ্ঠা করেছেন যে, ’রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’।
আরিফুল হক চৌধুরী সিসিক মেয়র পদে হ্যাট্টিক করতে চান-এ ধারণা নগরবাসীর পুরনো। তার কিছু কার্যক্রমেও এর ইঙ্গিত মিলে; কিন্তু বিএনপি নির্বাচনে না এলে তিনি কি করবেন-এ নিয়ে জনমনে প্রশ্ন ছিল। পাশাপাশি এটাও নাগরিক ভাবনায় ছিল যে, আগের মতোই হয়তো নাগরিক কমিটির প্রার্থী হয়ে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে।
এমন পরিস্থিতিতে তিনি সপ্তাহ দুয়েক আগে অসুস্থ শরীর নিয়েই লন্ডন পাড়ি জমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোভাব জানতে। যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে করণীয় কি তাও ছিল জানার। যথারীতি নেতার সঙ্গে দেখা হলো-কথা হলো। হঠাৎ সিসিক মেয়র পদে লড়তে আগ্রহীদের জন্যে লোভনীয় খবরও এলো যে, আরিফুল হক চৌধুরী প্রার্থী হচ্ছেন না। এতে কেউ কেউ উৎফুল্ল হলেও সাধারণ নাগরিকরা নিজ নিজ সিদ্ধান্তে স্থির রয়ে গেছেন যে, তিনি নির্বাচনে থাকবেন। ওসমানী বিমানবন্দর দিয়ে তার বিদেশ আসা-যাওয়া নতুন নয়; কিন্তু রবিবার, ১৬ এপ্রিল লন্ডন থেকে প্রত্যাবর্তনে সংবর্ধনার যে আয়োজন হয় তা সাধারণ মানুষের চিন্তা-ভাবনার সঙ্গে মিলে যায়-যদিও নতুন করে নির্বাচন প্রসঙ্গে মুখ খুলেননি পরপর দুইবারের মেয়র। এর আগে ২০ হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো তাকে আলোচনায় নিয়ে এসেছিল।
অন্যদিকে আসলেই চমক দেখিয়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। শেষ পর্যন্ত তিনিই পেলেন দলীয় মনোনয়ন। এ নিয়ে দলের কিছু নেতা-কর্মীর মনে প্রশ্ন আর ক্ষোভ দুটোই আছে। তবে প্রকাশ্যে আসেনি। বরং এই মনোনয়নকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে।
শনিবার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই আনোয়ারুজ্জামান চৌধুরী ঢাকায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। রবিবার সকালে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পরে টুঙ্গিপাড়া যান। আজ সোমবার ফিরছেন সিলেট। যথারীতি অভ্যর্থনার আয়োজনও রয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী, ইভিএমে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত। এর আগে ২৫ মে হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আর খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ১২ জুন অনুষ্ঠিত হবে।