আজ শুভ নববর্ষ || নয়া বছরকে স্বাগত জানাতে সিলেট সহ সারা দেশে ঘরে ঘরে প্রস্তুত বরণডালা

প্রকাশিত April 13, 2023
আজ শুভ নববর্ষ || নয়া বছরকে স্বাগত জানাতে সিলেট সহ সারা দেশে ঘরে ঘরে প্রস্তুত বরণডালা

নিজস্ব প্রতিবেদক : নতুন প্রভাত। নতুন সূর্যোদয়। নতুন বছর। নতুন শপথ। নতুন করে পথচলা। শুভ নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনার অতুলনীয় উপমা। সত্যিই তো ‘অবাক পৃথিবী অবাক তাকিয়ে রয়’। এমন উদাহরণ আর নেই। তাইতো বাংলার মঙ্গল শোভাযাত্রা বিশ্বের ঐতিহ্য। এ নিয়ে গর্ব করতেই হয়।
আজ পয়লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিন। নয়া বছরকে স্বাগত জানাতে ঘরে ঘরে প্রস্তুত বরণডালা। দোকানে দোকানে হালখাতা। ভাটি বাংলায় গলায় গলায় ফসল তোলার গান। পিঠা-পুলির ছাড়াছড়ি। কি শহর কি নগর কি গ্রাম-সবখানেই বর্ষবরণের হাঁকডাক। পবিত্র রমজান মাস। তাই আয়োজন সীমিত; কিন্তু প্রাণের উচ্ছ্বাসে কমতি নেই।
সিলেটেও সরকারি-বেসরকারি উদ্যোগে বর্ষবরণের ব্যাপক আয়োজন। জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে : শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে কেন্দ্রীয় শহিদমিনার হয়ে কবি নজরুল অডিটরিয়ামের মুক্তপ্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০টায় সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শুরু হবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে এবং সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবারে ইফতারের আয়োজন, সুবিধাজনক সময়ে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারাবন্দিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা। এছাড়াও দিনব্যাপী ওসমানী জাদুঘর, হাছন রাজা জাদুঘর, জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক, ড্রীমল্যান্ড, বঙ্গবীর ওসমানী শিশু পার্ক ও এডভেঞ্চার ওয়ার্ল্ড উন্মুক্ত রাখা হবে।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকাল ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টায় কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে পাঠশালা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে ব্লুবার্ড স্কুল প্রাঙ্গণে শ্রুতির নববর্ষ উদযাপনে শরিক হবে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মামেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।