আজ শহীদ বুদ্ধিজীবী দিবস || জাতি স্মরণ করবে জ্ঞানে-গরিমায় সেরা সন্তানদের

প্রকাশিত December 13, 2022
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস || জাতি স্মরণ করবে জ্ঞানে-গরিমায় সেরা সন্তানদের

নিজস্ব প্রতিবেদক : আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করে দিতে দেশসেরা বুদ্ধিজীবীদের হত্যা করে।
পাকিস্তানি হানাদার বাহিনীকে এই হত্যাযজ্ঞে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে জামায়াতে ইসলামী ও তৎকালীন ইসলামী ছাত্র সংঘের (বর্তমানে ছাত্র শিবির) সমন্বয়ে গঠিত আলবদর ও আলশামস বাহিনী। ঢাকার মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে কয়েকশ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।
প্রতিবছরের মতো এবারও সিলেটসহ সারাদেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে জাতি জ্ঞানে-গরিমায় সেরা সেই সন্তানদেরকে স্মরণ করবে।
এ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার সংলগ্ন শহিদ বুদ্ধিজীবী সমাধিতে সকাল ৯টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
এছাড়া সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকাল সাড়ে ৯টায় শহীদ বুদ্ধিজীবী সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
এতে সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।