আজ ভয়াল একুশে আগস্ট || বাংলা ও বাঙালির ইতিহাসে আরেকটি নৃশংস হত্যাযজ্ঞের দিন

প্রকাশিত August 20, 2023
আজ ভয়াল একুশে আগস্ট || বাংলা ও বাঙালির ইতিহাসে আরেকটি নৃশংস হত্যাযজ্ঞের দিন

বিশেষ প্রতিবেদক : আজ ভয়াল একুশে আগস্ট। বাংলা ও বাঙালির ইতিহাসে আরেকটি নৃশংস হত্যাযজ্ঞের দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে দলটিকে নেতৃত্ব শূন্য করে দিতে ভয়ঙ্কর গ্রেনেড হামলা চালানো হয়েছি।
তৎকালীন ক্ষমতাসীনদের প্রত্যক্ষ মদদে এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে আওয়ামী লীগ প্রথম থেকেই অভিযোগ করছে। সেদিন দলের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। আহত হন ৫ শতাধিক নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা। আওয়ামী লীগের কয়েকজন শীর্ষনেতা গ্রেনেডের আঘাতে ক্ষতবিক্ষত হয়েও মানববর্ম তৈরি করে দলীয় প্রধান শেখ হাসিনাকে রক্ষা করেন।
আওয়ামী লীগের আরও অভিযোগ, ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেও আওয়ামী লীগের পুনরুত্থান, বিকাশ ও ২১ বছর পরে ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় আসা এবং ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার সম্ভাবনাকে খুনি চক্র মেনে নিতে পারেনি। তাই মূলত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে এই নিষ্ঠুরতা ও নৃশংসতার পথ বেছে নেয়।
আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সিলেটসহ সারা দেশে নানা কর্মসূচিতে দিনটি পালন করবে।