নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার সিলেট জেলা বিএনপির সম্মেলন। মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সকাল ১০টা থেকে তা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন, দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন করবেন, দলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা।
সোমবার বিকালে রেজিস্ট্রারি মাঠে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন সম্মেলন সফলে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন জেলার ১৮টি ইউনিটের ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর। সিলেট থেকেই ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচন করে দলে গণতন্ত্রের চর্চা শুরু করতে চায় দলটি। বিএনপি আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে আর রাতের ভোট দিনে দিতে পারে না।
এ জেড এম জাহিদ হোসেন আরও জানান, তৃণমূল নেতাদের মতামতকে প্রধান্য দিতেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে।
তিনি বর্তমান দুঃশাসন দূর করতে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, এ সরকারকে যত দ্রুত সরানো যাবে ততই মঙ্গল হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা শাখাওয়াত হোসেন জীবন। উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, অন্যতম নেতা নাসিম হোসাইন, আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।