আজ পবিত্র ঈদুল ফিতর : সিলেটে প্রধান জামাত শাহী ইদগায়

প্রকাশিত May 2, 2022
আজ পবিত্র ঈদুল ফিতর : সিলেটে প্রধান জামাত শাহী ইদগায়

ফাইজা রাফা : আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর। প্রতিবছর রমজান মাসে কঠোর সিয়াম সাধনার পর মুসলমাদের এই প্রধান ধর্মীয় উৎসবটি আসে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের আবাহন নিয়ে। আসে খুশির বার্তাবহন করে। তাই বিশ্ব মুসলিমের প্রতিটি প্রাণে আনন্দধারা বয়ে যায়।
এবারের ঈদুল ফিতরে আনন্দ-উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই বেশি। কারণ বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দু’বছর ঈদ অনেকটা নীরবে উদযাপিত হয়। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক। তাই ঈদের আনন্দধারা প্রচণ্ড গতি পেয়েছে। মানুষের কেনাকাটা থেকে শুরু করে সবকিছুতেই এর প্রমাণ মিলে।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগায় সকাল সাড়ে ৮টায়। এখানে পরররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, অন্যান্য জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করবেন।
এছাড়াও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে সকাল সাড়ে ৮টায়, সরকারি আলিয়া মাদরাসা ময়দানে সকাল ৮টায়, হজরত শাহপরাণ রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে সকাল সাড়ে ৮টায়, টিলাগড় মদনী ঈদগায় সকাল সাড়ে ৮টায়, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় এবং কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।