নিজস্ব প্রতিবেদক : আজ পঁচিশে মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালে এ দিন রাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী নিরস্ত্র বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে ‘অপারেশন সার্চলাইট’ নামের নির্মম গণহত্যায় মেতে উঠে। হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সর্বত্র। হত্যা করে অগণিত মানুষকে। সেই সঙ্গে অগ্নিসংযোগ আর নারী নির্যাতনও শুরু করে।
পাকিস্তানি হানাদার সেনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করে। তবে এর আগেই বাঙালির অবিসংবাদিত নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর সঙ্গে সঙ্গে পুরো দেশে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়।
গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত ১১টা থেকে পালন করা হবে ব্ল্যাকআউট। এ সময় ১ মিনিটের জন্যে কেপিআই, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাস্তায় চলমান গাড়ি ছাড়া সর্বত্র আলো নিভে যাবে।
সিলেটে দিনটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগ আলোচনা সভা এবং বিকেল সাড়ে ৩টায় পাঠশালা ও সুবর্ণযাত্রার উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ’লালযাত্রা’ কর্মসূচি পালন করা হবে।