আজ থেকে সিলেটে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা || উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত February 15, 2023
আজ থেকে সিলেটে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা || উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগীয় এসএমই পণ্যমেলা আজ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।
আয়োজক এসএমই ফাউন্ডেশন। তত্ত্বাবধানে থাকছে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়। সপ্তাহব্যাপী এ আয়োজনে ৫০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
এ উপলক্ষে বুধবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়াম প্রাঙ্গণে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। এতে মূল বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। আরও বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন, এসএমই ফাউন্ডেশনের সহকারী পরিচালক এস এম রিয়াদ হাসান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার অনুপমা দাস ও বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ জানান, এসএমই পণ্যমেলার উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিক্রি এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপন। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। এছাড়া সিলেট বিভাগে এসএমই খাতের উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার এবং ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়ও করা হবে।
এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মাসুম বিল্লাহ জানান, ৫০টি স্টলের মধ্যে ৩৮টি সিলেট বিভাগের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য ১২টি বরাদ্দ পেয়েছেন অন্যান্য বিভাগের উদ্যোক্তারা। কারণ সিলেট বিভাগ থেকে যোগ্যতাসম্পন্ন পর্যাপ্ত সংখ্যক উদ্যোক্তা পাওয়া যায়নি।
সকাল ১১টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এসএমই পণ্যমেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড মো মফিজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা প্রশাসক মো মজিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য মানতাশা আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। স্বাগত বক্তব্য রাখবেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো নাজিম হাসান সাত্তার।
২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসএমই পণ্যমেলা খোলা থাকবে।