নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগায় নামাজে জানাজা শেষে দরগা কবরস্থানে সিলেটের এই প্রবীণ সাংবাদিককে সমাহিত করা হয়।
এ সময় সহকর্মীবৃন্দসহ সকল পেশার মানুষ তাকে চোখের জলে শেষ বিদায় জানান। সিলেট জেলা প্রেসক্লাব ও অন্য কয়েকটি সংগঠনের পক্ষ থেকে তার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। রবিবার রাত সাড়ে ৮টায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল, সিলেটে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন, ভাষাসংগ্রামী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।