সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার ঘটনায় সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেছেন।
গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে মহানগরীর ভাটাটিকর ও পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পৈতৃক ও নিজস্ব বাসভবনে একযোগে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আমি ও আমার পুরো পরিষদ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি’।
বিবৃতিতে মেয়র উদ্বেগ প্রকাশ করে বলেন, টানা পাঁচবারের কাউন্সিলরের বাসায় হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। এই হামলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তিনি দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের দুটি বাসভবন ও মীরাপাড়া এলাকায় সিলেট মহানগর যুবলীগের সদস্য সমশের আলী শারোর বাসায় একই সময়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সংবাদ বিজ্ঞপ্তি