বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরাতন ভবন ভাঙা হচ্ছে; কিন্তু কারা ভাঙছে তা স্পষ্ট নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, ভাঙছে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অন্যদিকে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কথা। বলতে গেলে ভাঙার বিষয়টি রীতিমতো রহস্যজনক হয়ে উঠেছে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিষয়টির অনুসন্ধান করতে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে চিকিৎসকদের পুরাতন একটি কোয়ার্টার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গত বছরের প্রথম দিকে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা সেখানে পরিদর্শনে গেলে ভবনটি তার নজরে আসে। পরে তিনি সেটি অপসারণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রবিবার কয়েকজন শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে সেই পুরাতন ভবনটি ভাঙতে শুরু করেন। অথচ এ ব্যাপারে কোন দরপত্র আহবান করা হয়নি।
এ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ভবনটি ভাঙার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
তিনি উল্লেখ করেন, এই ভবনটি এক সময় চিকিৎসকদের কোয়ার্টার ছিল; কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে পরিত্যক্ত। কয়েক মাস আগে ভবনটি ভাঙার বিষয়ে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। তাই ভাঙার কাজ শুরু হওয়ায় তিনি ভেবেছেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রমিক পাঠিয়েছে। কিছু জানতেও চাননি।
হবিগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নিলয় পারভেজের নিকট জানতে চাইলে তিনি জানান, তাদের জ্যেষ্ঠ এক কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটি দেখতে পান। পরে তিনি সেটা ভাঙার জন্য নির্দেশ দেন; কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ভবন ভেঙে অপসারণ করতে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানালে সেখান থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান কনট্রাকশন কে-ই.ডব্লিউ-ইএমসিএসকে একটি চিঠি দেওয়া হয়। তবে তারা জানিয়ে দেয়, এ কাজটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের। তাই তারা করবে না।
তিনি আরও জানান, রবিবার দুপুরে তার কাছে খবর আসে, ভবনটি ভাঙা হচ্ছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এ ব্যাপারে তিনিও কিছু জানেন না বলে জানান। এতে তিনি অবাক হন। তবে ভাঙার কাজ বন্ধ করে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেন। বর্তমানে ভবন ভাঙার কাজ বন্ধ রয়েছে।
ভবন ভাঙার কাজ করছিলেন কাউছার মিয়া নামে এক শ্রমিক। তিনি জানান, এক ব্যক্তি তাদেরকে এই ভবন ভাঙতে বলেছেন। তবে তার নাম ও ঠিকানা তারা জানেন না। এমনকি তার মোবাইল নম্বরও তাদের কাছে নেই।’
আজমিরীগঞ্জের ঠিকাদার অভিরাম দাস জানান, এ রকম ভবন নিলামে তোলা হলে অন্তত ৬/৭ লাখ টাকা দাম উঠতে পারে।