আজমিরীগঞ্জে যুবলীগ আহ্বায়কের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট আহত ৫

প্রকাশিত August 9, 2024
আজমিরীগঞ্জে যুবলীগ আহ্বায়কের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট আহত ৫

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবলু রায়ের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এসময় ৫ জন আহত হন।
বাবলু রায়ের স্বজনরা জানান, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বাবলু রায় আত্মগোপনে চলে যান; কিন্তু রাত ১২টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাংচুর চালায় এবং ২৫ ভরি স্বর্ণলংকার ও নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তার পরিবারের ৫ সদস্য আহত হন।
পরদিন ৫০/৬০ সন্ত্রাসী বাবলু রায়ের ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে আরও ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তার অফিসও ভাংচুর করা হয়। এ অবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বাবলু রায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।