সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর-উন্নত দেশ গড়ার মূল চালিকাশক্তি। তারা তাদের আধুনিক চিন্তা-ভাবনা ও স্মার্ট কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি (২৭ পৌষ) দক্ষিণ সুরমা উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বকতৃতায় তিনি এ কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন। এতে তিনি স্মার্ট বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দক্ষিণ সুরমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হক।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল উপকরণ স্মার্ট সিটিজেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে আসছে, যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে পারে।
স্মার্ট বাংলাদেশ রূপান্তরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্মার্ট প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।
বর্তমানে প্রযুক্তিখাতের সাফল্যে অব্যাহত রেখে স্মার্ট শিক্ষার্থীদের হাত ধরেই দেশ ২০৪১ এর স্মার্ট বাংলাদেশে পৌঁছে যাবে বলে বিভাগীয় কমিশনার আশা প্রকাশ করেন। পিআইডি সিলেট