আগে মানুষ হতে হয় এরপর ধর্ম মানতে হয় : শাল্লায় অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির

প্রকাশিত September 14, 2024
আগে মানুষ হতে হয় এরপর ধর্ম মানতে হয় : শাল্লায় অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেছেন, কে হিন্দু কে মুসলমান এটা গুরুত্বপূর্ণ নয়-সকলেই মানুষ। আগে মানুষ-পরে ধর্ম। আগে মানুষ হতে হয়-এরপর ধর্ম মানতে হয়।
তিনি আরো বলেছেন, যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে সেই সম্মান দিন, তাহলে নিজেও প্রাপ্য সম্মান পাবেন।
শনিবার, ১৪ সেপ্টেম্বর (৩০ ভাদ্র) সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে সচেতন শাল্লাবাসীর উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শাল্লা শাখার সাধারণ সম্পাদক, বলরামপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেশ চৌধুরীর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুস সাত্তার মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কান্তি দাস, বাহারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা থানা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেম, ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক সুবির সরকার পান্না, শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনাদি তালুকদার, শ্যামসুন্দর উচ্চবিদ্যালযয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী, সাংবাদিক বাদল চন্দ্র দাস, বকুল আহমদ তালুকদার প্রমুখ ।
অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির পরে একই স্থানে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিকেলে উপজেলা সদরের ডুমরা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেও মতবিনিময় করেন।