আগের বন্যার কবলমুক্ত হওয়ার আগেই সিলেট আবার বন্যার কবলে || কানাইঘাটে বাঁধে ভাঙন

প্রকাশিত July 2, 2024
আগের বন্যার কবলমুক্ত হওয়ার আগেই সিলেট আবার বন্যার কবলে || কানাইঘাটে বাঁধে ভাঙন

নিজস্ব প্রতিবেদক : আগের বন্যার কবলমুক্ত হওয়ার আগেই সিলেট আবার বন্যার কবলে পড়েছে। ভারি বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে পুরো জেলাই এখন আবার বন্যা কবলিত। সোমবার দিনে ও রাতে সিলেটে ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সরকারি হিসেবে জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় ৭ লাখ। সুরমা ও কুশিয়ারা সহ সকল নদী প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। পানি উঠেছে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায়। এমনকি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনেও। তাই অগ্নিনির্বাপক গাড়ি ও অন্যান্য সরঞ্জাম নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা সদরেও পানি। জেলা সদরের সঙ্গে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। কানাইঘাট উপজেলায় ২৩টি স্থানে সুরমা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে।
কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ জানান, বন্যায় এ উপজেলার অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে।