এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জের হাওর এলাকায় আগাম বন্যা থেকে কৃষকদের ফসল সুরক্ষায় জাপানের অর্থায়নে ৫ বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাপানি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার আর্থিক ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কারিগরি সহায়তায় ‘প্র্যাকটিস এন্ড ডিস্যামিনেশন অব ডিজাস্টার রেসিস্ট্যান্ট ক্লাইমেট চেঞ্চ এ্যাডাপটিভ এগ্রিকালচার ইন হাওর এরিয়া’ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা এসেড সভাপতি অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাইকার উপদেষ্টা কাটসুকি রাইয়ুচি, জাপানি উন্নয়ন সংস্থা গ্রিন প্ল্যানেট প্রধান টেটসুয়ো সুটসুই, জাপানি উন্নয়ন বিশেষজ্ঞ ইয়ামী ইয়াহিশিতা, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা ড রফিকুল ইসলাম ও এসেডের নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরী। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।
এসেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী জানান, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ও বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নে জাপানি সহায়তায় ৫ বছর মেয়াদী এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকবেলায় সক্ষম কৃষি ব্যবস্থার মাধ্যমে আগাম বন্যা থেকে কৃষকদের ফসনের সুরক্ষা দেওয়া।
এছাড়া বিভিন্ন সংস্থার মাধ্যমে সমন্বয় সৃষ্টি ও ব্রির উদ্ভাবিত নতুন জাত সহজেই কৃষকের কাছে পৌঁছে দিয়ে ৩১ মার্চের পূর্বেই কিভাবে কৃষকরা বোরো ধান ঘরে তুলতে পারে এবং উৎপাদনও বেশি হয় তাও এই প্রকল্পের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
জাপানি উন্নয়ন বিশেষজ্ঞ টেটসুয়ো সুটসুই বলেন, এর আগেও হবিগঞ্জে এসেডের সঙ্গে ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করে সফলতা পাওয়ায় এবার ৫ বছর মেযাদী প্রকল্পে তারা সহায়তা দিচ্ছেন।
ভবিষ্যতে এই এলাকার হাওরবাসীর উন্নয়নে জাপান সরকারের আরও সহায়তা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক ইশরাত জাহান জাপানি প্রতিনিধিদেরকে হবিগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই প্রকল্প গ্রহণ করায় ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও বেশি প্রকল্পে জাপান সরকারের সহায়তা কামনা করেন।