আগামীদিনে সিলেটকে অনুকরণ করেই গড়ে ‍উঠবে অন্যান্য মহানগরী : আনোয়ারুজ্জামান

প্রকাশিত July 15, 2023
আগামীদিনে সিলেটকে অনুকরণ করেই গড়ে ‍উঠবে অন্যান্য মহানগরী : আনোয়ারুজ্জামান

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট আধ্যাত্মিক নগরী। মরমী সূফিসাধকদের লীলাভূমি। এই জনপদের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্য হাজার বছরের। এই ইতিহাস-ঐতিহ্যের ধারা আরও বেগবান করতে হবে।
শনিবার, ১৫ জুলাই দুপুরে মহানগরীর শারদা স্মৃতি ভবনে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিসিক মেয়র সিলেট মহানগরীতে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, সিলেটের সংস্কৃতিকর্মীরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এখন জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তিনি স্মার্ট সিলেট নগরী গড়তে সংস্কৃতির চর্চা ও বিকাশে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী ঘোষণা করেন, সিলেটকে এমনভাবে গড়ে তোলায় সবাইকে কাজ করতে হবে, যাতে আগামীদিনে সিলেটকে অনুসরণ-অনুকরণ করে দেশের অন্যান্য মহানগরী গড়ে তোলা হয়।
তিনি বলেন, সিলেট সবসময় পথ দেখায়; কিন্তু মহানগরী হয়ে উঠার ক্ষেত্রে তা হয়নি। তবে আগামী পাঁচ বছরে চিত্র উল্টে যাবে-ইনশাল্লাহ।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সঙ্গীত গবেষক, কণ্ঠশিল্পী বিপ্রদাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্যসচিব বিশিষ্ট সংগীতশিল্পী প্রতীক এন্দর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কণ্ঠশিল্পী ড বিশ্বজিৎ রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা জ্যেষ্ঠ সংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।
সম্মেলনে বরেণ্য সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্নাকে সভাপতি ও বিপ্রদাশ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি