নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী।
ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক এবং সদ্য স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। তবে তার বেড়ে উঠা ঢাকায়। ঢাকার ডন্স কিন্ডারগার্টেন স্কুলে ১৯৫৬ সালে কেজি-ওয়ানে ভর্তি করা হয় তাকে। ১৯৬১ সালে বিএএফ শাহীন স্কুলে ভর্তি হন পঞ্চম শ্রেণিতে । সেখান থেকেই তিনি ১৯৬৭ সালে মাধ্যমিক ও ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে স্নাতক (সম্মান) চুড়ান্ত পরীক্ষায় অসুস্থাবস্থায় অবতীর্ণ হয়েও তিনি দ্বিতীয় শ্রেণিতে পঞ্চম স্থান অধিকার করেন। ১৯৭৫ সালে একই বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণ করেন শেখ কামাল। ১৪ আগস্ট কোর্স সমাপনী মৌখিক পরীক্ষায়ও তার অংশ গ্রহণ ছিল। পরদিন পঁচাত্তরের পনেরো আগস্টের কালরাতে খুনি চক্র প্রথমে তাকেই হত্যা করে।
১৯৭৬ সালের ২৯ জানুয়ারি স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে তিনি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। তবে তার শিক্ষকগণের অনেকেই মনে করেন, তাকে প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত করা হয়েছিল।
শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনে সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।