নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন আইন ২০১৮ পরিপন্থী বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এক মাসে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
এ বছরের আগস্ট মাসে রেজিস্ট্রেশনহীন যানবাহন, ট্রিপল রাইডিং, হেলমেট ছাড়া মটরসাইকেল চালানো, গাড়িতে কালো গ্লাস পেপার লাগানো, যানবাহনে ওভার লোডিং, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ও হাইড্রোলিক হর্নের ব্যবহারসহ নানা অপরাধের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে মহানগরীর বিমানবন্দর সড়ক, হুমায়ুন রশীদ চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও তেমুখী এলাকায় প্রতিদিন চেকপোস্ট বসিয়ে কড়াকড়িভাবে সড়ক পরিবহন আইন প্রয়োগ করা হয়।
এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতবছর আগস্ট মাসে পরিচালিত অভিযানের তুলনায় এ বছর আগস্ট মাসে ১ হাজার ৫৫১টি মামলা বেশি রুজু হয়েছে। আটককৃত যানবাহনের সংখ্যাও ১ হাজার ৮৩টি বেশি।
এছাড়া রুজুকৃত জরিমানার পরিমাণ গত বছরের তুলনায় ১০ কোটি ৪ লাখ ৫০ হাজার ২০০ টাকা বেশি। আদায়কৃত জরিমানার পরিমাণও গত বছরের তুলনায় ১২ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বেশি।
সিলেট মহানগরীতে চলাচলকারী যানবাহনের সংখ্যা, প্রকৃতি ও বিভিন্ন পেশার মানুষের দৈনন্দিন ব্যবহারের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯টি ধারায় মামলা রুজু করে থাকে। এ বছর ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫ হজার ১৬৫টি মামলা রুজু ও ৩ হাজার ৩৭১টি যানবাহন আটক করা হয়। রুজুকৃত জরিমানার পরিমাণ ২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৫০। আদায়কৃত জরিমানার পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা।
বিশ্লেষণে দেখা গেছে, ৯২(১) ও ৯২(২) ধারায় হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন ও উল্টোপথে মোটরযান চালানো সংক্রান্ত মামলাই ২ হাজার ২৩২টি, যা মোট মামলার প্রায় ৪০ শতাংশ।
এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ও রেজিস্ট্রেশনহীন ১ হাজার ২৬১টি সিএনজি অটোরিকশা, ৫৬৯টি প্রাইভেট কার, ১৬৩টি মাইক্রোবাস, ১৯টি ট্রাক, ৫টি বাস, ৮২টি লেগুনা/পিকআপ ও ১৫টি টেম্পুতে প্রসিকিউশন দাখিল করা হয়। এরমধ্যে ২৩৪টি যানবাহনে অনুমোদনহীন কালো গ্লাস পেপারের জন্য ৮৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়। নিয়মিত মামলার পাশাপাশি ১ হাজার ৭৩২টি কাউন্টার মামলা দাখিল করা হয়। ধারা (৭২) মূলে রেজিস্ট্রেশন না থাকায় ১০৫টি ও ধারা (৬৬) মূলে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮৫২টি প্রসিকিউশন দাখিল করা হয়, যা মোট মামলার প্রায় ১৭ শতাংশ।
মামলা রুজুর পাশাপাশি প্রায় ৩ হাজার ৪০০টি যানবাহন (মোটরসাইকেল ১ হাজার ৯৪৮টি, সিএনজি অটোরিকশা ৩১৮টি, টমটম ৭৭টি, ব্যাটারিচালিত রিকশা ৭৯৪টি ও ব্যক্তিগত যানবাহন অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ২২৭টি) কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় আটকের মাধ্যমে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়।
এছাড়াও ১৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিলেট মহানগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ড, কোম্পানীগঞ্জ বাইপাস, হুমায়ুন রশীদ চত্বর ও আম্বরখানা পয়েন্টে চেকপোস্ট ডিউটির মাধ্যমে ৯৪১টি প্রসিকিউশন ও ৭৫৮টি যানবাহন ডাম্পিংয়ের মাধ্যমে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়।
সার্জেন্ট/টিএসআইদের মধ্যে টিএসআই/৯৪ শাহীনূর কবির সর্বোচ্চ ২৯৬টি মামলা রুজু ও সার্জেন্ট সঞ্জয় বিশ্বাস সর্বোচ্চ ২৯৯টি যানবাহন আটক করেন।
মামলা ও আটকের পাশাপাশি প্রতি মঙ্গলবার যানবাহন চালক, মালিক, শ্রমিক ও পথচারীদের নিয়ে সচেতনতামূলক সভা ও ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনা বৃদ্ধির জন্য ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক-টেন এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ, পাঠানটুলা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও রাজা জিসি হাইস্কুলে আগস্ট মাসে টেন কার্যক্রম পরিচালনা করা হয়।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি