সরকার দলীয়করণের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত July 4, 2023
সরকার দলীয়করণের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি সেক্টরকে নগ্নভাবে দলীয়করণের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। বিসিএস সহ সরকারি চাকরিতে মেধাবী প্রার্থীদের পরিবার বা আত্মীয়-স্বজনদের সঙ্গে বিএনপি বা বিরোধী মতের ন্যূনতম রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেই চাকরি দেওয়া হচ্ছেনা ; কিন্তু সরকার দলের সমর্থক হলে অযোগ্য-অথর্ব প্রার্থীদেরকেও চাকরিতে পদায়ন করা হচ্ছে। ফলে প্রশাসনিক কাঠামোতে মেধাবী তরুণরা স্থান পাচ্ছেনা। অন্যদিকে অযোগ্যরা প্রশাসনে বসার কারণে পুরো কাঠামোই অকার্যকর হয়ে পড়েছে।
মঙ্গলবার, ৪ জুলাই বিকেলে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রতি একাত্মতা পোষণ করে মহানগরীর বন্দর ও জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণের আগে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, অনেক মেধাবী তরুণ যোগ্যতা থাকার পরও চাকরি না পাওয়ায় নিজেদের সনদপত্র পুড়িয়ে ফেলছে, এমনকি আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। সর্বক্ষেত্রে দলীয় করণের ফলে মেধাবী তরুণরা বঞ্চিত হচ্ছে। একটি দেশ এ অবস্থায় চলতে পারে না। সম্ভাবনাময় মেধাবী তরুণদের রক্ষা করতে হবে। এজন্যই প্রতিটি বিভাগে তারুণ্যের সমাবেশ করে দেশের তরুণ সমাজের সমস্যা-সম্ভাবনার কথা জানানো হচ্ছে। দেশকে নিয়ে তরুণদের ভবনার কথা শোনা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভোটারদের একটি বড় অংশ তরুণ। তারা অনেকেই নতুন ভোটার হয়েছেন; কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের এই তরুণ ভেটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেননা। ফ্যাসিবাদীরা তরুণদের ভোটাধিকারও কেড়ে নিয়েছে। এমন পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে সকল শ্রেণিপেশার মানুষের ন্যায় দেশের তরুণ সমাজকেও ‘ফ্যাসিস্ট’ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী লীগ দেশবাসীর সঙ্গে ডিজিটাল প্রতারণা করেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি