আল আজাদ : ২০০৭ সাল। বাংলাদেশে চলছে তত্ত্বাবধায়ক সরকারের নামে সেনাশাসন। তাল দিচ্ছে এক শ্রেণির মৌসুমী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কথিত সুশীল, সাংবাদিক ও এনজিওওয়ালা। দুই নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়ণে ‘মাইনাস টু’ ফর্মূলা নিয়ে মাতামাতি। সভা-সেমিনারে রাজনীতির মুণ্ডুপাত। মাঠের রাজনৈতিক নেতাকর্মীদের মাথার উপর খড়গ। একটু নড়লেই ঠিকানা কারাগার। সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানাদিতেও তাদের উপর নজরদারি। তারা যেন ভিনদেশী শত্রুপক্ষ। সুযোগ পেলেই তাদেরকে নাজেহাল করা রীতিমতো নিয়মে পরিণত হয়ে যায়।
এমনি অবস্থায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রায় দেড়শ নেতাকর্মী ১৪ মে একটি সামাজিক অনুষ্ঠানে মিলিত হলেন, সিলেট মহানগরীর উপকণ্ঠে বটেশ্বর এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত, যুক্তরাজ্য আওয়ামী লীগের তখনকার যুগ্মসাধারণ সম্পাদক, বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বড়ভাই আতাউর রহমান চৌধুরীর চাঁদবাগানে। নিতান্তই ঘরোয়া আয়োজন। মধ্যাহ্নভোজ। উপলক্ষ সরকারি নিষেধাজ্ঞা তুচ্ছ করে-জীবনের ঝুঁকি নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকালে সঙ্গী হয়ে দেশে ফেরা যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়; কিন্তু তাও সহ্য হলোনা। হানা দিলো আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হলো প্রবাসী ১০ নেতা সহ ৪০ নেতাকর্মীকে। অতঃপর দীর্ঘ কারাবাস। নির্যাতন। অতঃপর মুক্তি; কিন্তু সেই দুঃসহ স্মৃতি ১৫টি বছর ধরে সকলের মানসপটে জেগে আছে।
তাই দিনটি স্মরণে এবারও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে, শনিবার দুপুর ১২টায় জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা। এতে সবার অংশগ্রহণ কামনা করা হয়েছে।