আওয়ামী লীগ ও মানবতা একসঙ্গে চলেনা : খন্দকার মোক্তাদির

প্রকাশিত November 21, 2021
আওয়ামী লীগ ও মানবতা একসঙ্গে চলেনা : খন্দকার মোক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ ও মানবতা একসঙ্গে চলেনা। তারা আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। তার সুচিকিৎসার জন্যে বিদেশ পাঠানোর প্রয়োজনীয়তা থাকলেও সরকার তাকে দেশে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। এমন অমানবিক ও জঘন্য কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগকে জাতি কোনদিন ক্ষমা করবেনা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশ পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির প্রথম সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলা আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
গণঅনশনে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দুপুর দেড়টায় সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডা শামীমুর রহমান পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভাঙ্গান।-সংবাদ বিজ্ঞপ্তি