নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে আত্মত্যাগের মহান ইতিহাস জড়িয়ে আছে। এ দলটি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে ধ্বংসস্তুপের উপর দেশ গড়া, স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোট ও ভাতের অধিকার আদায়সহ সর্ব ক্ষেত্রেই রচনা করেছে নতুন নতুন অধ্যায়। তাই আওয়ামী লীগ শুধু একটি দল নয়-আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, যে অনুভূতি ত্যাগের ও আত্মত্যাগের।
শুক্রবার, ২৩ জুন সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই দীর্ঘ পথচলায় অধিকাংশ সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। পিতা ও কন্যার দক্ষ নেতৃত্বেই দলটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে এবং জনমানুষের আবেগ ও অনুভূতির বিশ্বস্ত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি দলের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার পেছনে সবচেয়ে বেশি কাজ করেছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা। এ বিজয় আওয়ামী লীগের।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য নূরুন নেছা হেনা, তাহমিন আহমদ, ওয়ার্ড সভাপতি সাজোয়ান আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সদস্য রোকসানা পারভীন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সোয়েব বাসিত, মো বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, ফখরুল ইসলাম আলকাছ প্রমুখ।