আওয়ামী লীগের মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কর্মীকেই মনোনয়ন দিবেন প্রধানমন্ত্রী : জাকির

প্রকাশিত April 10, 2023
আওয়ামী লীগের মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কর্মীকেই মনোনয়ন দিবেন প্রধানমন্ত্রী : জাকির

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি ও শান্তির রাজনীতিকে এগিয়ে নিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আগামীতেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।
তিনি আরও বলেছেন, ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগ করেই আমরা এই পর্যায়ে এসেছি। আমি গ্রেনেড হামলায় আহতদের একজন। জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছি। কখনও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে বিচ্যুতি হয়নি। বামপন্থী, ডানপন্থী, আলবদর, রাজাকার ও যুদ্ধাপরাধী পরিবারে জন্ম নিয়ে কেউ প্রকৃত আওয়ামী লীগার হতে পারে না।’
যুক্তরাজ্যে ১২ দিনের সংক্ষিপ্ত সফর শেষে সোমবার, ১০ এপ্রিল দুপুরে সিলেট ফিরে কেন্দ্রীয় শহিদমিনারে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
অধ্যাপক মো জাকির হোসেন বলেন, ‘আগামীর অগ্রযাত্রায় আমরা সবাই এক হয়ে নৌকার প্রত্যেকটি বিজয়ের ক্ষেত্রে আদর্শিক সৈনিক হবো। জেলা ও মহানগর আওয়ামী লীগ করোনা মোকাবিলা করেছে, বন্যা মোকাবিলা করেছে এবং আদর্শের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আদর্শের পতাকাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আওয়ামী লীগের মাঠ থেকে ওঠে আসা, যিনি এই মাটিকে নিজের করে নিয়েছেন, এই মাটিতে দুর্যোগ মোকাবেলা করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত ঝরিয়েছেন, গ্রেনেড হামলা ও পুলিশের লাঠির চার্জের শিকার হয়েছেন তাকে মূল্যায়ন করবেন। আমি সততার সঙ্গে নগরবাসীর সেবা করতে চাই। আওয়ামী লীগের মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কর্মীকেই প্রধানমন্ত্রী মনোনয়ন দিবেন। তার পক্ষেই জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিবে।’
এর আগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
অধ্যাপক মো জাকির হোসেন মহানগরীতে পৌঁছে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী।