আওয়ামী লীগের বেপরোয়া লুটপাটে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে : খন্দকার মুক্তাদির

প্রকাশিত October 10, 2022
আওয়ামী লীগের বেপরোয়া লুটপাটে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করে আওয়ামী লীগের বেপরোয়া লুটপাটের কারণে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। তারা নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুন-অপহরণ করছে। হামলা-মামলা-নির্যাতন আর বিরোধী দলের সভা-সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যা করে গুম, ক্রসফায়ার ও দমন পীড়ন চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
সোমবার দুপুরে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ‘শহিদ’ আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওন ও আব্দুল আলিম স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আয়োজিত শোকমিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আম্বরখানা পয়েন্টে আয়োজিত শোক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন বলেন, লুটপাটের কারণে দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, লুটেরা সরকারকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণ বিএনপির নেতৃত্বে এই সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ।
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে দমনপীড়ন, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, আশিক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেত্রী সামিয়া বেগম চৌধুরী প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি