আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনোয়ারুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত June 2, 2023
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনোয়ারুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার, ২ জুন সন্ধ্যায় মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় কার্যালয়টি মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও শফিউল আলম চৌধুরী নাদেল।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠন, ১৪ দল ও ৪২টি ওয়ার্ডের নেতা-কর্মী-সমর্থকরা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট মহানগরীর উন্নয়নের জন্যই আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয়। কারণ কয়েক মাস পরই জাতীয় সংসদ নির্বাচন। সারা পৃথিবী যখন মন্দাভাব, করোনা মহামারি ও যুদ্ধবিগ্রহে অস্থির তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলতা অক্ষুন্ন আছে। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে দেশে-বিদেশে। তাই আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জনগণের ভোটে বিজয়ী হলে অবশ্যই প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষা করে আধ্যাত্মিক নগরী সিলেটের মানুষকে আন্তরিক সেবা দেবো।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শেখঘাট জামে মসজিদের ইমাম মাওলানা সাদিক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি