আওয়ামী লীগের রাজনীতি করা তৌহিদী ছাত্র-জনতা মেনে নিবে না : সুনামগঞ্জে মামুনুল হক

প্রকাশিত September 5, 2024
আওয়ামী লীগের রাজনীতি করা তৌহিদী ছাত্র-জনতা মেনে নিবে না : সুনামগঞ্জে মামুনুল হক

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর (২১ ভাদ্র) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনা দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করে দেশের আলেম-ওলামাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও খুন করে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন।
তিনি ও তার দলের নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে কানাডার বেগমপাড়ায় আলিশান বাড়ি নির্মাণ করেছেন। আর দেশে নিরীহ মায়েদের বুক থেকে তাদের সন্তানদেরকে ধরে নিয়ে গুম-খুন করেছেন। আলেম-ওলামাদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছেন। এখন তিনি নিজেই ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
আওয়ামী লীগের রাজনীতি করা আর দেশের তৌহিদী ছাত্র-জনতা মেনে নিবে না বলে তিনি ঘোষণা করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ জয়নূল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা এনামুল হক, মুফতি আব্দুল হক, মাওলানা সৈয়দ ফেদাউল হক ও ডা আতাউর রহমান।