আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা || আর কোনো মব সহ্য করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত April 11, 2025
আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা || আর কোনো মব সহ্য করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের থেকে আইন-শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবেনা। কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সেহেতু লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে কিছুটা নিরাপত্তার হুমকি তো থাকবেই। তবে ৫ আগস্টের পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, ‘অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা, অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে; কিন্তু আমরা এখনো নতুন গাড়ি তাদেরকে দিতে পারিনি। তাই পুলিশকে পূর্ণ সামর্থ্যে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি।’
সামনের দিনগুলোতে পুলিশের সার্বিক অবস্থা ও আইন-শৃঙ্খলার আরো উন্নতি হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ারও আহ্বান জানিয়ে
উপদেষ্টা বলেন, পুলিশের নিকট থেকে শুধু চাইলে হবেনা, তাদের কিছু দিতেও হবে। থাকা-খাওয়া সহ পুলিশের জীবনমানে অনেক ঘাটতি থাকা সত্ত্বেও পুলিশ যথাসাধ্য কাজ করে যাচ্ছে। পুলিশের কাছে সবার অনেক প্রত্যাশা। তবে প্রত্যাশার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানের উন্নতি এবং ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। তবে সে বিষয়ে এখনও জানানোর মতো নতুন কোনো তথ্য নেই।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো মুশফেকুর রহমান ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো শাহরিয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।–পিআইডি সিলেট